তাসনিম নিউজ এজেন্সির বরাতে হাওজা নিউজ এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও মুসলিম উম্মাহর অবস্থা নিয়ে দেওয়া এক বক্তব্যে শেখ ঈসা কাসেম বলেন, আরব ও ইসলামী বিশ্বের সরকারগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন পরিকল্পনা ও নীতির বিষয়ে অবগত। তাঁর অভিযোগ, এসব দেশের গণমাধ্যম মুসলিম উম্মাহর ঐক্য বিনষ্টের উদ্দেশ্যে বিভেদমূলক প্রচারণা চালাচ্ছে।
তিনি বলেন, এসব নীতির লক্ষ্য আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিভাজন আরও গভীর করা। বিশেষ করে ধর্মীয় ও সাম্প্রদায়িক ইস্যুকে উসকে দিয়ে সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
শেখ ঈসা কাসেমের ভাষ্য অনুযায়ী, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, যার ফলে আরব ও ইসলামী দেশগুলোর সম্পদ ক্ষয় হচ্ছে এবং তাদের সম্মিলিত শক্তি দুর্বল হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, অনেক রাষ্ট্র এসব পরিকল্পনা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও প্রকাশ্যে বা নীরবে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সাম্প্রদায়িক বিভাজন ও অভ্যন্তরীণ সংঘাতকে আরও উসকে দিচ্ছে।
বাহরাইনের এই শিয়া নেতা অভিযোগ করেন, কিছু সরকার এমন আচরণ করছে, যেন তারা আরব ও ইসলামী বিশ্বের অস্থিতিশীলতাকে মেনে নিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির সঙ্গে নিজেদের অবস্থানকে সামঞ্জস্যপূর্ণ করছে।
আপনার কমেন্ট